সারা দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে দেড় মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় কমর্সূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর প্রতিটি ওয়ার্ডে পৃথক জমায়েত ও বিক্ষোভ মিছিল, ১৯ নভেম্বর বেলা তিনটায় ২৪টি থানায় জমায়েত ও বিক্ষোভ মিছিল, ২২ নভেম্বর থেকে রাজধানীর ১৬টি নির্বাচনী এলাকায় জনসভা। জনসভাগুলো হবে আগামী ২২, ২৬ ও ২৮ নভেম্বর এবং ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৮, ২০, ২২, ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর। তবে কোন নির্বাচনী এলাকায় কোনদিন জনসভাগুলো হবে, তাঁর তারিখ পরে নির্ধারণ করা হবে। এ ছাড়া ১৩ থেকে ১৭ তারিখ পর্যন্ত শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি ঘোষণার পরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঘোষিত এই কর্মসূচি কোনো ওয়ার্ড, ইউনিয়ন বা থানা পালন করতে ব্যর্থ হলে সেই ইউনিটের কর্মকাণ্ড স্থগিত করা হবে। তিনি বলেন, রাজধানীতে জামায়াত-শিবিরের নৈরাজ্য ঠেকাতে প্রতিটি ওয়ার্ড, থানা ও ইউনিয়ন নেতাদের নিজেদের এলাকায় আরও বেশি তৎপর হতে হবে। নিজ নিজ এলাকার দলীয় কার্যালয়ে নিয়মিত সময় দিতে হবে। জামায়াতবিহীন বিএনপি অস্তিত্বহীন মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াত-বিএনপিকে ভিন্ন করে দেখার সুযোগ নেই। এরা একে অপরের পরিপূরক। যুদ্ধাপরাধীর বিচার বন্ধে জামায়াতের সঙ্গে বিএনপি এখন সরাসরি মাঠে নামবে। কারণ জামায়াতবিহীন বিএনপি নামক দলটি অস্তিত্বহীন।এ ছাড়া সভায় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, প্রচার সম্পাদক আবদুল হক প্রমুখ বক্তব্য দেন।