দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে গোয়েন্দা পুলিশের তল্লাশির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা এই প্রতিবাদ জানান। গত শুক্রবার গোয়েন্দা পুলিশ দৈনিক সংগ্রাম অফিসে অতর্কিতে ঢুকে তল্লাশি চালায়। এই তল্লাশিকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পুলিশ সংগ্রাম অফিসে ঢুকে সাংবাদিকদের পরিচয় জানার নামে তাঁদের হয়রানি করে ও কাজে বাধা দেয়। বিএফইউজের দুই অংশের দুই সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, দুই মহাসচিব শওকত মাহমুদ ও আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের দুই অংশের দুই সভাপতি ওমর ফারুক ও আব্দুস শহীদ, দুই সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এই বিবৃতি দিয়েছেন।