দোকানে ঢোকা মিনিবাসের চাপায় কর্মচারী নিহত
রাজধানীর জয়কালী মন্দিরের কাছে সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়া মিনিবাসের চাপায় দোকানের কর্মচারী আবির হোসেন (১৭) নিহত হয়েছে। মিনিবাসটির চাপায় আহত হয় তিন পথচারী। গতকাল বুধবার দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও সূত্রাপুর থানার পুলিশের সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানগামী একটি মিনিবাস হঠাৎ জয়কালী মন্দিরের কাছে সড়ক ছেড়ে ফুটপাত পেরিয়ে রাম-সীতা মন্দিরসংলগ্ন ‘ইউনিয়ন ইঞ্জিনিয়ারিং’ নামের দোকানে ঢুকে পড়ে। মিনিবাসের চাপায় ওই দোকানের কর্মচারী আবির, তিন পথচারী শাহনাজ বেগম (৪৮), বাবুল হোসেন (৩৫) ও রকি (১৫) গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। মিনিবাস ঢুকে পড়ায় দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।ওই মিনিবাসটি নারায়ণগঞ্জের আদমজী থেকে গুলিস্তান পথে চলাচলকারী কোমল পরিবহনের।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘ব্রেক ফেল’ করায় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। মিনিবাসটি আটক করা হলেও এর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।আবির সবুজবাগ থানাধীন মানিকনগরের আবদুল মান্নানের ছেলে।