দোকানের শাটার ভেঙে ২০ লাখ টাকা চুরি
শাটার ভেঙে ক্রীড়াসামগ্রীর সাতটি দোকানের অন্তত ২০ লাখ টাকা চুরি হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর—এই সময়ের মধ্যে বঙ্গবন্ধু এভিনিউ এলাকার একটি মার্কেটে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে টুইন টাওয়ার মার্কেটের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাসায় যান। গতকাল সকাল নয়টার দিকে ব্যবসায়ী ও কর্মচারীরা মার্কেটের তৃতীয় তলায় এসে দেখেন, মুক্তা খেলাঘর, ইমরান স্পোর্টস, টিওয়াল স্পোর্টস, স্পোর্টস প্লাস, মা গার্মেন্টস, নিউ প্রাইম স্পোর্টস ও মীম স্পোর্টসের শাটার ভাঙা। ক্যাশবাক্সগুলোও লুট হয়েছে।মুক্তা খেলাঘরের মালিক ব্যবসায়ী মো. হানিফ প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে চোরের দল সাতটি দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় ২০ লাখ টাকা ও একটি ল্যাপটপ নিয়ে গেছে। সমিতির নেতারা পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।টুইন টাওয়ারের আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, চুরির ঘটনায় মার্কেটের নিরাপত্তা কর্মীরা জড়িত থাকতে পারে। ঘটনাটি প্রকাশ না করতে সমিতির পক্ষ থেকে মার্কেটের ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাঁরা এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে চান না। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় এ নিয়ে কোনো অভিযোগ করেননি।