দোলাইরপাড়ে ২৫ লাখ টাকা ছিনতাই, দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড়ে ব্যস্ত সড়কে গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রায় ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা গুলি করে ও কুপিয়ে দুজনকে আহত করে। আহত দুজন হলেন অহিদুল ইসলাম (৩৮) ও দিদারুল আলম (২৭)।একই দিন ভোরে যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।শ্যামপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোলাইরপাড়ের রমিজউদ্দিন প্লাজার পঞ্চম তলার একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক দিদারুল ও গাড়িচালক অহিদুল ২৫ লাখ ৩৭ হাজার টাকা যাত্রাবাড়ীর একটি বেসরকারি ব্যাংকে জমা দিতে নিচে নামেন। তাঁরা টাকাভর্তি কার্টন নিয়ে সামনের সড়কে থাকা গাড়িতে ওঠার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন যুবক তাঁদের গতি রোধ করে। ছিনতাইকারীরা দিদারুলের হাত থেকে ওই কার্টন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে দিদারুলের বাঁ বাহুতে কোপ দেয়। অহিদুল এগিয়ে গেলে যুবকদের একজন গুলি করে। এতে অহিদুল তলপেটের ডান পাশে গুলিবিদ্ধ হন। এরপর যুবকেরা টাকাভর্তি কার্টন নিয়ে ফাঁকা গুলি করে মোটরসাইকেলে উঠে দ্রুত দয়াগঞ্জের দিকে চলে যায়।ওই প্রতিষ্ঠানটি একটি বেসরকারি মুঠোফোন কোম্পানির সামগ্রী সরবরাহকারী। প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারুক হোসেন বলেন, সিম কার্ড বহনে ব্যবহূত ওই ধরনের কার্টনে টাকা ভরেই তাঁরা সব সময় ব্যাংকে জমা দেন। এমন কার্টনে টাকা থাকবে—এটা কারও ধারণা করার কথা নয়। তাঁদের ধারণা, প্রতিষ্ঠান বা ওই ব্যাংকের আশপাশ থেকে ছিনতাইকারীরা দীর্ঘদিন তাঁদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে।প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, আশপাশে বিভিন্ন বাণিজ্যিক ও আবাসিক ভবন থাকায় সামনের সড়কটি সব সময় ব্যস্ত থাকে। ঘটনার সময়ও আশপাশে অনেক মানুষের ভিড় হয়েছিল। তবে গুলির ভয়ে কেউ কাছে যেতে সাহস পাননি।ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এর আগে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে তাঁদের চার-পাঁচজন কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন।শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, ছিনতাইয়ের ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।একই থানাধীন জুরাইনে গত ৯ অক্টোবর দিন-দুপুরে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই হয়। ওই ঘটনায় একজন আহত হন।জুরাইনের ঘটনার বিষয়ে জানতে চাইলে আবু তাহের বলেন, ছিনতাই হওয়া টাকা উদ্ধার না হলেও দুজনকে আটক করা হয়েছে। তারা জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দুটি ছিনতাইয়ের সঙ্গে একই চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ছুরিকাঘাতে খুন: যাত্রাবাড়ী থানার এসআই রমজান আলী বলেন, ভোরে যাত্রাবাড়ী শহীদ জিয়া বিদ্যালয়ের পাশের গলি থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ফেরি করে মাছ বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, যাত্রাবাড়ী আড়তে মাছ কিনতে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুরুল উত্তর যাত্রাবাড়ীতে ভাড়া থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।এ ঘটনায় নুরুলের চাচাতো ভাই আবদুর রশিদ যাত্রাবাড়ী থানায় অজ্ঞাত ছিনতাইকারীদের আসামি করে হত্যা মামলা করেছেন।