মানবতাবিরোধী অপরাধে কোনো সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই সংগঠনকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার বিধান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে যুক্ত করার প্রস্তাব করেছে সিপিবি-বাসদ। একই সঙ্গে এই আইনের অধীনে দেওয়া দণ্ডাদেশকে রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে রাখারও দাবি করেছে দল দুটি।গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে এই দাবি করেন।বিবৃতিতে তাঁরা বলেন, আপিল করার ক্ষেত্রে সরকার ও আসামিপক্ষের সুযোগ রাখা, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়গুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধনী পাস করার ঘটনাটি শাহবাগে চলমান তরুণ প্রজন্মের আন্দোলনের বিজয় বলে মন্তব্য করেন সিপিবি ও বাসদের নেতারা। তাঁরা এ ঘটনাকে গণজাগরণের তাৎপর্যপূর্ণ বিজয় বলে দাবি করেন। বিজ্ঞপ্তি।