দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হিন্দু মহাজোট। ঢাকা, ২২ অক্টোবর
ছবি: দীপু মালাকার

দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা এবং হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শাস্তি নিশ্চিত এবং তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশেরও দাবি জানায় সংগঠনটি।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় জাতীয় হিন্দু মহাজোট। হামলায় ক্ষতিগ্রস্ত সব মন্দির ও বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণ এবং নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ ও আহত ব্যক্তিদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।

হিন্দু মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে এসব ঘটনা এড়ানো যেত। প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে মৌলবাদী চক্র।

এ ছাড়া ধর্মের নামে সাম্প্রদায়িকতা বন্ধের কার্যকরী উদ্যোগ চেয়ে প্রেসক্লাবের সামনে আজ সকালে মানববন্ধন করে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। মানববন্ধনে সংগঠনের সভাপতি আসিফ মুনীর, সাধারণ সম্পাদক কাজী সাইফুদ্দিন আব্বাস, যুগ্ম সম্পাদক নুজহাত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

আসিফ মুনীর বলেন, মুক্তিযুদ্ধের সরকারকে অস্থিতিশীল করতে হিন্দুদের ওপর এসব হামলা করা হয়েছে।

এ সময় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলসহ বাহাত্তরের সংবিধানে প্রত্যাবর্তন, সব ধর্মের মানুষের নির্ভয়ে ধর্মীয় উৎসব পালনের নিশ্চয়তা, স্কুলের পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকতা মুক্ত করা, স্কুলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অবশ্য পাঠ্য করা এবং এলাকাভিত্তিক ও দেশজুড়ে সম্মিলিত সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান তাঁরা।

একই সময়ে প্রেসক্লাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের রুখতে মানববন্ধন করে বাংলাদেশ কংগ্রেস। দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেন, এখন দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা বেশি প্রয়োজন। সেদিকে নজর না দিয়ে সবাইকে অন্যদিকে ব্যস্ত রাখা হচ্ছে। এ জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে।