বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তিন চিকিৎসক নেতার কক্ষ ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গতকাল মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউতে স্বাচিপের কর্মীরা ভাঙচুরের প্রতিবাদে মিছিল বের করেন।মিছিলে স্বাচিপের নেতা-কর্মীরা দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়। মিছিলে বিএসএমএমইউ ছাড়াও বিভিন্ন মেডিকেল কলেজের স্বাচিপের কর্মীরা ছিলেন। গত সোমবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আবদুল আজিজ ও স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের কক্ষ ভাঙচুর করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সহকারী সার্জন নিয়োগের প্রকাশিত ফলাফলে ক্ষুব্ধ ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্বাচিপের একাধিক কর্মী প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, এসব পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এর ফলে অনেক দক্ষ চিকিৎসক বাদ পড়েছেন। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, স্বাচিপের কর্মীরা ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সংগঠনের সভাপতি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সঙ্গে কথা বলবেন।