ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চলতি বছর প্রথমবারের মতো পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে পরে ছেড়ে দেয়।
একই দাবিতে শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে ২৫ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের গণজমায়েত করে সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন বলে তাঁরা জানান।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকেই ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। ওই সময় পাঁচজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা রাসেল আহমেদ, মো. মামুন হাসান ও আরমান আহমেদ, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের আহসান হাবিব এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মাহবুব হাসান। অবশ্য দুপুরে শিক্ষার্থীদের দাবির মুখে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা পুনরায় একত্র হয়ে আবারও সেখানে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা ‘আটক পাঁচজনের মুক্তি চাই’, ‘অনৈতিক সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘দাবি মোদের একটাই, দ্বিতীয়বার সুযোগ চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’ প্রভৃতি স্লোগান দেন।
বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একটি মিছিল করে অপরাজেয় বাংলার সামনে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীদের পক্ষে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মাগরুবা তাবাসসুম নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, আটককৃতদের মুক্তি না দিলে তাঁরা আজকের (গতকাল) কর্মসূচি চালিয়ে যাবেন।