ঝিমিয়ে পড়া লেন পদ্ধতি পুনরুজ্জীবিত করতে গতকাল সোমবার সকাল থেকে দ্বিতীয় দফা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে গতকাল রাজধানীর শাহবাগে শেরাটন ক্রসিংয়ে যানবাহন চলাচলব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, চালকেরা ট্রাফিক আইন না মানায় লেন-ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। লেন মেনে গাড়ি চালানোর কাজ তদারকি করতে এখন থেকে ১৩ জন উপপুলিশ কমিশনারের নেতৃত্বে ১৩টি দল মাঠে কাজ করবে। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা তাদের সঙ্গে থাকবেন। যানজট নিরসনে ডিএমপির সর্বশেষ উদ্যোগ কাজে না আসার বিষয়টি স্বীকার করে পুলিশ কমিশনার বলেন, নাগরিক-সচেতনতার অভাবে লেন মেনে গাড়ি চালানোর নিয়মটি ফলপ্রসূ না হয়ে ঝিমিয়ে পড়েছে। তাই এখন থেকে নতুন করে আবার প্রচারণা ও জরিমানা আদায়ের ওপর জোর দিয়েছে পুলিশ।এদিকে এখনো সব রাস্তায় লেন চিহ্নিত করা সম্ভব হয়নি। সেই সঙ্গে অনেক সংকেত-বাতিই নষ্ট। এ ব্যাপারে কমিশনার বলেন, লেন চিহ্নিত করার কাজ চলছে। ঢাকা সিটি করপোরেশন দ্রুতই এ কাজ শেষ করবে। যেসব স্থানে সংকেত-বাতি অকার্যকর রয়েছে, সেগুলো সংস্কার করা হচ্ছে।গতকাল কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর সামনেই একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৫-৬০৪৩) লেন অমান্য করে রাস্তার ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়। কমিশনার গাড়িটি আটকানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে মামলা অথবা এক হাজার টাকা জরিমানা করা হবে বলে তিনি জানান।