দ্বিতীয় দিনের মতো ধর্মঘট করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন
মালবাহী কনটেইনার ট্রেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানোর দাবিতে গতকাল সোমবারও ধর্মঘট পালন করেছে ঢাকা কাস্টমস ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। কমলাপুর অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) কনটেইনার থেকে মালামাল খালাসে নিয়োজিত শ্রমিকেরাও এ ধর্মঘটকে সমর্থন করেছে।অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবারও ধর্মঘটের পাশাপাশি অন্যান্য কর্মসূচি চলবে। তবে ধর্মঘট এক ঘণ্টা কমিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে। বন্দর কর্তৃপক্ষ, রেলওয়ে, কাস্টমস ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা মিলে একটি যৌথ কমিটি করে সমস্যা চিহ্নিত এবং তা সমাধানের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।ধর্মঘটের কারণে গতকালও আইসিডিতে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কনটেইনার ওঠা-নামা বন্ধ ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের ইঞ্জিন-সংকট ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নিয়োজিত প্রতিষ্ঠানের দুটি যন্ত্র বিকল হওয়ায় আশানুরূপ কনটেইনার চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় আনা যাচ্ছে না।ধর্মঘট আহ্বানকারীরা আইসিডির ভেতরেই তাদের দাবি-দাওয়া নিয়ে গতকাল সমাবেশ করে। একপর্যায়ে তারা সমাবেশ থেকে রেলওয়ের কমলাপুরের প্রশাসনিক কার্যালয় ঘেরাও করে। পরে ধর্মঘটকারীদের একটি প্রতিনিধিদল দুপুরের দিকে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, ধর্মঘট আহ্বানকারীরা তাঁর সঙ্গে বৈঠক করেছে। তিনি তাদের বলেছেন, সব সমস্যার সমাধান রেলওয়ে কর্তৃপক্ষের হাতে নেই। তবে ইঞ্জিন-সংকটের বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।