দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল বৃহস্পতিবার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের উদ্বোধন করবেন। ডেনমার্কের অর্থায়নে সায়েদাবাদের গোলাপবাগে এই শোধনাগারের কাজ শেষ হলে এর মাধ্যমে আরও সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করা যাবে। ২০১২ সালের জুন মাসে এর কাজ শেষ হবে। প্রথম শোধনাগারটির মাধ্যমে ঢাকা ওয়াসা প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধনের পর সরবরাহ করে থাকে। দ্বিতীয় এই পানি শোধনাগারটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই এতে একটি প্রাক-পরিশোধন যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান। এর ফলে পরিশোধনের পরও শীতলক্ষ্যা নদীর পানিতে যে দুর্গন্ধ থেকে যায়, তা দূর হবে। সায়েদাবাদের প্রথম পানি শোধনাগারের সাড়ে ২২ কোটি লিটার পানিও এই প্রাক-পরিশোধন যন্ত্রের মাধ্যমে পরিশোধিত হচ্ছে। নদীর দূষিত পানির সঙ্গে গভীর নলকূপের মাধ্যমে উত্তোলিত ভূগর্ভস্থ পানি মিশে যাওয়ায় ঢাকায় সরবরাহ করা পানিতে যে দুর্গন্ধ তৈরি হয়, তা দূর করতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ চলার সময়ই আলাদা সরবরাহ লাইন বসানো হবে, যাতে এ দুই উৎস থেকে আহরিত পানি মিশে যেতে না পারে।ঢাকা ওয়াসা শুকনো মৌসুমে গড়ে ২৩০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ১৮৫ থেকে ১৯৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে সায়েদাবাদের প্রথম শোধনাগার থেকে উৎপাদিত হয় সাড়ে ২২ কোটি লিটার। বাকি পানি সরবরাহ করা হয় ঢাকার ৫৪৬টি গভীর নলকূপ, নারায়ণগঞ্জের দুটি ছোট পানি শোধনাগার ও লালবাগের চাঁদনীঘাট পানি শোধনাগার থেকে। সায়েদাবাদে নির্মিতব্য দ্বিতীয় পানি শোধনাগারের মাধ্যমে আরও সাড়ে ২২ কোটি লিটার পানি সরবরাহ করা গেলে চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক অনেকটাই কমে আসবে।