রাজধানীর দক্ষিণখানে গৃহবধূ আসমা বেগমের সঙ্গে আবদুর রহমানের সম্পর্কের ক্ষেত্রে বাধা ছিলেন আসমার স্বামী আজহারুল ইসলাম। এ ‘পথের কাঁটা’ সরাতেই আসমার পরিকল্পনায় আবদুর রহমান তাঁর শয়নকক্ষে হাত–পা ও মাথা বিচ্ছিন্ন করে আজহারুলকে খুন করেন। পরে ছয় টুকরো করেন মরদেহ।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসমা বেগম ও আবদুর রহমান এসব তথ্য দেন বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে। পাঁচ দিনের রিমান্ড শেষে দুজনকে এদিনই আদালতে হাজির করা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে রোববার রাতে প্রথম আলোকে বলেন, আসামিদের জবানবন্দি রেকর্ড করে আদালত ওই দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, পোশাকশ্রমিক আজহারুল তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে দক্ষিণখানের মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় মসজিদের ইমাম আবদুর রহমান পোশাকশ্রমিক আজহারুলের ছেলে আরিয়ানকে মক্তবে আরবি শেখাতেন। আজহারুলও তাঁর কাছে পড়তে যেতেন। সেই সুবাদে তাঁর বাসায় যেতেন আবদুর রহমান। গত ফেব্রুয়ারিতে আসমার সঙ্গে আবদুর রহমানের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আজাহরুলের চোখে ধরা পড়লে এ নিয়ে আবদুর রহমানের সঙ্গে হাতাহাতি হয়। আজহারুল তাঁকে বাসায় আসতে নিষেধ করে অনৈতিক পথ থেকে সরে যেতে বলেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসমা বেগম ও আবদুর রহমান আদালতকে বলেছেন, আজহারুল নিষেধ করার পরও তাঁদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। আসমা ‘পথের কাঁটা’ আজহারুলকে সরিয়ে দিতে আবদুর রহমানের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে আবদুর রহমান অসুস্থ করে আজহারুলকে মেরে ফেলতে আসমাকে বিষাক্ত দ্রব্য দেন। আসমা তা আজহারুলকে খাওয়ালে তিনি ডায়রিয়ায় ভোগেন। কিন্তু বেঁচে যান। পরে গত রমজান মাসের মাঝামাঝি দুজনে মিলে আজহারুলকে হত্যায় আবার পরিকল্পনা করেন। সে অনুযায়ী আসমা স্বামী–সন্তান নিয়ে টাঙ্গাইলে ঈদ উদ্যাপন করতে যান। ঈদের পর ১৯ মে স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থেকে গেলে আজহারুল একা ঢাকায় ফেরেন ও কর্মস্থলে যান।
আসমা বেগম ও আবদুর রহমান আদালতকে জানান, ২০ মে এশার নামাজের পর আজহারুলকে মসজিদে নিজের থাকার ঘরে ডেকে নেন আবদুর রহমান। এ সময় আজহারুলকে ঘুমের বড়ি মেশানো ডাবের পানি খাওয়ালে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।
একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করতে গেলে জেগে ওঠেন আজহারুল। তখন ধস্তাধস্তির সময় ছুরি দিয়ে আজহারুলের গলা কেটে ফেলেন তিনি। এরপর আজহারুলের হাত–পা ও মাথা কেটে ছয় টুকরা করে মসজিদের সেপটিক ট্যাংকে ফেলে দেন। ট্যাংকের ঢাকনার ওপর ফেলে রাখেন সিমেন্টের বস্তা। পরে আসমাকে ফোন করে বলেন, ‘আজহারুলকে শেষ করে দিয়েছি, তার লাশ আর কেউ পাবে না।’
র্যাব ও পুলিশ সূত্র জানায়, ২০ মে থেকে স্বজনেরা আজহারুলের খোঁজ পাচ্ছিলেন না। ২৪ মে মসজিদের সিঁড়িতে রক্তের দাগ দেখা গেলে ও সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে কয়েকজন মুসল্লি বিষয়টি র্যাবকে জানান। এরপর র্যাব সদস্যরা এসে আবদুর রহমানকে আটক করেন। পরদিন সকালে আজহারুলের লাশের টুকরাগুলো ও হত্যায় ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়। এ ছাড়া আসমাকে ডেকে ঢাকায় এনে গ্রেপ্তার করে র্যাব।