নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারেরই একটি অংশের যোগসাজশে বাজার সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। রোজায় তা ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল সোমবার এক সভায় এসব অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, বর্তমান সরকারসহ অতীতের কোনো সরকারই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়নি। স্বয়ং বাণিজ্যমন্ত্রী চিনির দাম বাড়ার পেছনে পাঁচ সিন্ডিকেটের কথা স্বীকার করলেও সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এর মধ্য দিয়ে জনগণের স্বার্থ রক্ষা নয়, বরং লুটেরাদের মুনাফা নিশ্চিত করার দিকেই সরকারের মনোভাব প্রকাশ পায়। নেতারা আরও বলেন, পণ্যের দাম ক্রেতাদের হাতের নাগালে রাখতে সরকার বিকল্প উদ্যোগ হিসেবে টিসিবির মাধ্যমে স্বল্প মুনাফায় জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিপণন করতে পারত। কিন্তু বিশ্বব্যাংক ও ব্যবসায়ীদের চাপে সরকার তা করছে না। কঠোর ব্যবস্থা গ্রহণ করে সরকারকে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান নেতারা।সভায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতা শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।