দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবসায়ী সাদিকুর হত্যার বিচার শুরু
গুলশানের নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান বলেন, গতকাল কারাগারে আটক দুই আসামি রুবেল ও মিথুনকে আদালতে হাজির না করায় বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম তারিখ পিছিয়ে ১২ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।আদালত সূত্রে জানা যায়, মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় দ্রুত বিচার নিষ্পত্তির জন্য ১ ডিসেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আদালত মামলাটি গ্রহণ করে গতকাল আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেছিলেন।দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচার আদালত থেকে মামলাটি যে পর্যায় ট্রাইব্যুনালে পাঠানো হবে, ওই পর্যায় থেকেই ট্রাইব্যুনাল বিচারকাজ শুরু করবেন। গত ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য করেন। জানা যায়, সাদিকুর রহমানের ছোট মেয়ের পরিচিত রুবেল ও তাঁর বন্ধু মিথুন চন্দ্র চন্দ বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সাদিকুর ও তাঁর স্ত্রীকে গুলি করেন রুবেল। এ ঘটনায় সাদিকুর রহমানের নিকট আত্মীয় বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ মার্চ আসামি রুবেল, মিথুন, আলতাফ ও মহিউদ্দিনের নামে অভিযোগপত্র দেয়।