দ্রুত মেডিকেল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরীক্ষার্থী-অভিভাবকদের ভিড়। কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ এপ্রিল
ছবি: দীপু মালাকার

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণার চেষ্টা করায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৮টি মেডিকেল কলেজ এবং একটি ডেন্টাল কলেজের অধীনে ৫৭টি পরীক্ষাকেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রাজধানীতে কেন্দ্র সংখ্যা ১৮।

কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম। তাঁরা বলেছেন, প্রশ্ন স্ট্যান্ডার্ড (ভালো) হয়েছে। সারা দেশেও একইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে সতর্কতার সঙ্গে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। আমরা এই পরীক্ষাটা সব সময় খুব সতর্কতার সঙ্গে নিয়ে থাকি। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রশ্নপত্র মনিটর করা হয়। এমনকি যে গাড়িগুলো প্রশ্ন নিয়ে যায়, সেগুলো আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্র্যাক করে থাকি।’

জাহিদ মালেক বলেন, ‘যে বাক্সে প্রশ্ন নিয়ে যাওয়া হয়, সেটা খুললেও বোঝা যায়, বাক্স এখন খোলা হচ্ছে। কাজেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হয়ে থাকে। যত তাড়াতাড়ি পারি, আমরা এই পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেব।’ এ সময় তিনি আরও জানান, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার চেষ্টাকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের কখন ও কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বাস্থ্যমন্ত্রী।

কেন্দ্র পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিচালক (চিকিৎসাশিক্ষা) এ কে এম আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ও কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিকেল কলেজ আছে। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট আসনসংখ্যা ১০ হাজার ৮৩৯। এবার ভর্তির জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ছিল ১৩ জন।