দ্রুততম সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানানো হয়।আলোচন সভা ছাড়াও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন স্থানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের প্রতি দোয়া-প্রার্থনাসহ নানা আয়োজনে রাজধানীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিনটি পালন উপলক্ষে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে গতকাল বিকেলে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন সাংবাদিক-সাহিত্যিক রাহাত খান, ডাকসুর সাবেক সহসভাপতি মাহফুজা খানম ও দ্য ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান।আলোচনা সভার সভাপতি বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বিলম্বে হলেও আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করতে পেরেছি। এই বিচারের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভা থেকে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়।স্বাধীনতা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ এতে সভাপতিত্ব করেন। সভা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়।স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ওয়াহেদ ফারুক।স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বিকেল চারটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শপথ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শোভাযাত্রা বের করেন জাসদের নেত্রী ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী শিরীন আখতার। এ সময় জাসদের ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসাইন আখতারসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।শপথ সমাবেশে শিরীন আখতার বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঢাকাবাসীকে নেতৃত্ব দিতে হবে। তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সবাইকে এক হওয়ার আহ্বান জানান।স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা হয়। একই রকম আলোচনা সভার আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার উপস্থিত ছিলেন।স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।একইভাবে ঢাকেশ্বরী মন্দিরে গতকাল বিশেষ প্রার্থনার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি।স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা রাইটার্স ফোরাম শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া গণতান্ত্রিক বিপ্লবী পার্টিসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে।