দয়া করে ক্ষ্যান্ত দিন: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ নভেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘দয়া করে এবার ক্ষ্যান্ত দিন। দেশকে এগিয়ে যেতে সহযোগিতা করুন।’গতকাল রোববার ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে হানিফ এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করেন, হরতালের নামে অঘটন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার চুপ করে থাকবে না। যত বড় নেতাই হোক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ছেড়ে দেবে না।বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, ‘দেশে এমন কী হলো যে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক শেষ অস্ত্র “হরতাল” ডাকতে হলো?’ তাঁর দাবি, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা, খালেদা জিয়ার ‘দুর্নীতিবাজ’ দুই ছেলেকে রক্ষা করা ও বিলাসবহুল বাড়ির কারণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হরতাল ডেকেছেন। আওয়ামী লীগের এই নেতা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনার মা মরেছে, জাতি আপনার চোখে পানি দেখেনি; দুই ছেলে গ্রেপ্তার হলো, তাও আপনার চোখে পানি দেখেনি। আর সম্পদের লোভে আপনি যেভাবে ভেউ ভেউ করে কাঁদলেন, তা জাতির জন্য লজ্জার।’অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।