প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে দেশের জাতীয় বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দের প্রস্তাব করেছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গড়া ৯৪টি সংগঠনের মোর্চা ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)। মোর্চা মনে করে, দয়া বা মানবিক বিবেচনা থেকে নয়, প্রতিবন্ধীদের অধিকার রক্ষার্থেই তাদের স্বার্থে বাজেট তৈরি করতে হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ন্যাডপোর নেতারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ন্যাডপোর সভাপতি মো. আবদুস সাত্তার বলেন, ২০১০-১১ অর্থবছরে প্রতিবন্ধীদের পুনর্বাসন, কর্মসংস্থানে বিশেষ তহবিল গঠন, প্রতিবন্ধী সেবা ও সহায়ককেন্দ্র কর্মসূচি, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ প্রতিবন্ধীদের উন্নয়নে মোট বরাদ্দ ছিল ১৪১ কোটি ২৮ লাখ, যা দেশের মোট বাজেটের মাত্র দশমিক ১০ শতাংশ। লিখিত বক্তব্যে সবগুলো মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ নিশ্চিত করা, প্রতিবন্ধীদের উপযোগী যানবাহন ও উৎপাদন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, গুরুতর প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যক্তিনিবাস স্থাপনের প্রস্তাব করা হয়। সংবাদ সম্মেলনে ন্যাডপোর সহসভাপতি আনোয়ার হোসেন হাজারী, মহাসচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম মহাসচিব ইফতেখার হোসেন উপস্থিত ছিলেন।