তপ্ত রোদ উপেক্ষা করে ওরা ছোটাছুটি করছে প্রাঙ্গণজুড়ে। কখনো আলিঙ্গন করছে সতীর্থকে, কখনো অভিভাবককে। শ্রেণীকক্ষ দাবড়ে বেড়ানো শিক্ষকও যোগ দিয়েছেন তাতে। সব দূরত্ব ভুলে গিয়ে সবাই মেতে উঠেছে আনন্দে। ক্লান্তি তাদের একটুও ছোঁয়নি, বরং বাদ্যের তালে তালে প্রাপ্তির অনাবিল উচ্ছ্বাস মোড় নিয়েছিল নৃত্য-গীতে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের দুপুরের চিত্র ছিল এ রকমই। অধ্যক্ষ হোসনে আরা বেগমের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে অপেক্ষমাণ ছাত্রীদের উল্লাসের বাঁধ ভাঙে। দীর্ঘ পরিশ্রমের পর প্রাপ্ত ফল আনন্দ বইয়ে দেয় তাদের ধমনিতে। নৃত্যের মধ্য দিয়ে যা রং ছড়ায় বিদ্যালয়জুড়ে।সাফল্যের ধারা এবারও ধরে রেখেছে স্কুলের ছাত্রীরা। পরীক্ষায় স্কুলের চারটি শাখার নয়টি সেশনের এক হাজার ২২৭ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫০ জন। সামগ্রিক ফলাফলের দিক দিয়ে যা ঢাকা বোর্ডে দ্বিতীয় আর মেয়েদের স্কুলের মধ্যে প্রথম। গত বছর এই স্কুলের এক হাজার ৫১ ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পায় ৯২৪ জন, আর বোর্ডে তাদের স্থান হয়েছিল চতুর্থ। ফলাফলের দিক দিয়ে দুই ধাপ এগিয়ে যাওয়ার কৃতিত্ব ছাত্রীদেরই দিচ্ছেন শিক্ষকেরা। তবে ছাত্রীদের মেধা, শ্রম আর শিক্ষকদের একনিষ্ঠতাই এর মূল কারণ বলে জানালেন অধ্যক্ষ।অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, প্রতিটি শাখায় শতভাগ ছাত্রী পাস করেছে। গতবার ফলাফলের দিক দিয়ে পিছিয়ে পড়ায় স্কুলের প্রতিটি শাখার মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হয়। এ কারণে ভালো ফল করার জন্য সব শিক্ষক ও শিক্ষার্থীরই সর্বোচ্চ প্রচেষ্টা ছিল, তাই এবার ভালো ফল হয়েছে।মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ৮০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৬৩ জন। মানবিক শাখায় ৯৪ জন অংশ নিয়ে ১৩ জন জিপিএ-৫ এবং বাণিজ্য শাখা থেকে ৩২৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৭৪ জন।বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে সতীর্থদের সঙ্গে নিয়ে আনন্দ করছিল শায়লা আমিন। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা শায়লা জানায়, নিয়মিত পড়াশোনা আর বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণার কারণেই তার এ প্রাপ্তি। বাণিজ্য শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পরস্পরকে আলিঙ্গন করছিল জেনি রহমান ও নুসরাত তাবাসসুম। দুজনেই ভবিষ্যতে সিএ হওয়ার স্বপ্ন দেখে। বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পাওয়া বুশরাত জাহান সিদ্দিকী হাসিমুখে জানায় ডাক্তার হওয়ার স্বপ্নের কথা। মানবিক শাখা থেকে জিপিএ-৫ পাওয়া মাফি রহমানের ইচ্ছা ইংরেজিতে অনার্স করার।