ধরা পড়ে চাবি গিলে ফেললেন...
হাতেনাতে ধরা পড়ে চুরির সময় ব্যবহূত চাবিটি গিলে ফেলেন বিমানের এক ট্রাফিক সহকারী (লোডার)। চুরির অভিযোগে সায়েম মিয়া (২৩) নামের ওই লোডারকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান জানান, সায়েম মিয়াকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্মড পুলিশ কর্মকর্তারা জানান, গতকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটের (টিজি-৩২১) লাগেজ কনটেইনার থেকে নামিয়ে বেল্টে দেওয়ার সময় একটি লাগেজের তালা খুলে ফেলেন সায়েম। কাছাকাছি কর্মরত আর্মড পুলিশের এক সদস্য বিষয়টি দেখে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। হট্টগোল শুনে বিমানবন্দরের অন্য কর্মকর্তারাও ঘটনাস্থলে জড়ো হন। সবার সামনেই সায়েম মিয়া লাগেজ খোলার কাজে ব্যবহূত চাবিটি গিলে ফেলেন।কর্মকর্তারা জানান, তাঁর পেট থেকে চাবিটি বের করার চেষ্টা চলছে।