ঐতিহাসিক ভিন্নতা সত্ত্বেও ধর্ম সব মানুষকে বিচ্ছিন্নতার পরিবর্তে শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ভিন্ন সংস্কৃতি ও বিশ্বাসের মানুষ একে অন্যের কাছাকাছি না এলে সাম্প্রদায়িকতায় বিশ্বাসীরা মাথাচাড়া দিয়ে উঠবে, যা সমাজের জন্য কল্যাণকর নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং আন্তধর্মীয় ও আন্তসাংসৃ্কতিক সংলাপ কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনসালটেশন অন দ্য প্রসপেক্টস ফর ডায়ালগ অ্যান্ড রিলিজিয়াস স্টাডিজ ইন সাউথ এশিয়ান ইউনিভার্সিটি’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য হারুন-অর-রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান সমন্বয়কারী, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস যোশেফ টি ও’কনেল। আরেফিন সিদ্দিক বলেন, ‘আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সহমর্মিতা ছাড়া বিশ্বশান্তি সম্ভব নয়। সংলাপ ও আলোচনার মাধ্যমে আমরা শান্তির সংস্কৃতি তৈরি করতে পারি।’সহ-উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সম্প্রীতির দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। এ ধরনের সেমিনার আয়োজনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে। সেমিনারে যোশেফ টি ও’কনেল বলেন, এই আলোচনার প্রথম উদ্দেশ্য হচ্ছে ধর্মের প্রাতিষ্ঠানিক অধ্যয়নকে এমনভাবে মূল্যায়ন করা, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য উপযোগী।সেমিনারে সভাপতিত্ব করেন আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক কাজী নূরুল ইসলাম।