সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত আলোচনা সভা থেকে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হওয়ার এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে নির্যাতনের দলিল-২০০১, জঙ্গিবাদী তাণ্ডব-২০১২ ও সংখ্যালঘু নির্যাতন-২০০১ গণতদন্ত কমিশনের প্রতিবেদন নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। সাম্প্রদায়িকতাবিরোধী মঞ্চের সমন্বয়ক ও সভার সভাপতি অজয় রায় শুরুতেই এ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, ‘দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক ভেদবুদ্ধির অবসান ঘটাতে হবে। অথচ এখনো সাম্প্রদায়িক হামলার ভয়ে দিন কাটাতে হয় আমাদের।’ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছে, বিজয় এসেছে। তবে সব ক্ষেত্রে মুক্তি আমাদের আসেনি, যেমন—সাম্প্রদায়িকতা।’ ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তের জন্য গঠিত গণতদন্ত কমিশনের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, সামরিক শাসন বাংলাদেশের ভিত্তিতে আঘাত করেছে। সামরিক শাসকেরাই ধর্মকে রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছেন। ফিরিয়ে এনেছেন সাম্প্রদায়িক বিরোধ। এর ফলেই ২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। গণঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ আক্রান্ত। আক্রমণকারী মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তিনি বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘নইলে মুক্তিযুদ্ধবিরোধীদের দোসর হিসেবে চিহ্নিত করে জনগণ আপনাদেরই ছেড়ে যাবে।’সভায় আরও বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বিচারপতি গৌরগোপাল সাহা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব সৈয়দ এমদাদ উদ্দীন প্রমুখ।