ধর্মভিত্তিক সব দলকে এক হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক সব দলকে এক হয়ে ইসলামবিরোধী ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম। গতকাল বুধবার ইসলামী আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামবিরোধীরা ষড়যন্ত্র করে আমাদের বিভক্ত করে রেখেছে। আসুন আমরা এক হয়ে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেই।’রাজধানীর কাকরাইলে রাজমণি ঈশা খাঁ হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ছোট ছোট আরও কয়েকটি দলের নেতারা যোগ দেন।ইফতারপূর্ব এই বক্তৃতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ ইসলামি মূল্যবোধের ওপর হামলা এসেছে। ইসলামকে তারা (সরকার) জঙ্গিবাদ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। তিনি ইসলামি মূল্যবোধকে রক্ষা করতে সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। খেলাফত মজলিসের আমির মো. ইসহাক বলেন, ‘আমাদের ওপর চ্যালেঞ্জ এসেছে যে ইসলামি আন্দোলন করা যাবে না। এ রকম একটি পরিস্থিতিতে কীভাবে মিলে মিশে কাজ করা যায়—এ বিষয়টি চিন্তা করতে হবে।’ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য মোসাদ্দেক বিল্লাহ্ আল মাদানি বলেন, ইসলাম একটি আগুন। কেউ যদি ইসলামি রাজনীতির ওপর হাত দেয়, সে হাত জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।এ ছাড়া জাতীয় পার্টির সাংসদ গোলাম কিবরিয়া, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম, মুসলিম লীগের একাংশের মহাসচিব আবুল খায়ের, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য রাখেন।