ধর্মীয় আইন সংশোধনে কমিশন গঠনের সুপারিশ আইনমন্ত্রীর
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করেও ধর্মনিয়ন্ত্রিত আইনগুলো সংশোধন করা যায়। তবে তার আগে সেগুলো গভীর বিশ্লেষণ ও পর্যালোচনার দাবি রাখে। এ জন্য ধর্মীয় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। গতকাল মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে আইন মন্ত্রণালয়ের আইনপ্রণেতা ও সংসদবিষয়ক বিভাগ পরিচালিত নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে সিডও সনদের বাস্তবায়নবিষয়ক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এই বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক।এর আগে কর্মশালার বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘১৯৬১ সালে আইয়ুব খানের আনা মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে পরিবর্তন জনগণ মেনে নিলে এখন উত্তরাধিকার আইনে কেন পরিবর্তন আনা যাবে না?’প্রতিমন্ত্রীর এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী জানান, ১৯৬১ সালে আইনটিতে পরিবর্তন আনার আগে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতেই আইনে পরিবর্তন আনা হয়েছিল। বর্তমানেও সে সুযোগ আছে।কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেইন ইংরেজিতে মূল বক্তব্য পড়ে শোনান। তবে বক্তব্যটি ইংরেজিতে উপস্থাপন করায় আইন প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, ভাষার মাসে অযথা ইংরেজির ব্যবহার বন্ধ করতে হবে। মূল প্রবন্ধটি বাংলায় উপস্থাপন করা হলে উপস্থাপক ও শ্রোতা উভয়েরই বুঝতে সুবিধা হতো। ইউএন উইমেনের সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি জাতিসংঘের নয়টি প্রতিষ্ঠান ও ১১ মন্ত্রণালয় সমন্বিতভাবে সম্পাদন করছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ফতোয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তার পরও হেনা হত্যার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সম্পত্তিতে সমান ভাগ দেওয়া না হলে ছেলে সন্তানের আশায় একাধিক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা কমবে না।আইনজীবী রাবেয়া ভূঁইয়া সব ধর্মের জন্য সার্বজনীন পারিবারিক আইন ও জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।কর্মশালায় আইনপ্রণেতা ও সংসদবিষয়ক বিভাগের সচিব মো. শহিদুল হক, যুগ্ম সচিব সুলতানা নাসিরা খান, ইউএন উইমেনের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার নাহিদ এম আহমেদ, সাংসদ তহুরা আলী, মাহবুব আরা, আসমা জেরিন প্রমুখ বক্তব্য রাখেন।