ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের কোনো ধর্ম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে যারা হামলা চালিয়েছে, তাদের নিজেদের কোনো ধর্ম নেই, জাত নেই। তারা না হিন্দু, না মুসলমান। ধর্মহীন এসব মানুষকে দমন করতেই হবে।গতকাল সোমবার হিন্দু সম্প্রদায়ের বিজয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়।গওহর রিজভী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতেই রামুসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর অমানবিক হামলা চালানো হচ্ছে। এই চেষ্টা সফল হবে না। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে জামায়াত-শিবির সারা দেশে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক জিল্লার রহমান শিগগিরই ঢাকেশ্বরী মন্দিরে উন্নতমানের শৌচাগার নির্মাণ করার কথা বলেন।সম্মেলনে অন্যদের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, প্রণব কুমার বড়ুয়া, অধ্যক্ষ শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের, রানা দাশগুপ্ত, অধ্যক্ষ শক্তিনাথানন্দ, কানুতোষ মজুমদার, মনীন্দ্র কুমার নাথ, প্রদীপ চক্রবর্তী, নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ বক্তব্য দেন। কমিটির সভাপতি বাসুদেব ধর সভাপতিত্ব করেন।মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলন উদ্বোধন করেন গওহর রিজভী। দুর্গপূজায় কৃতিত্ব প্রদর্শনের জন্য প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন