ধর্মীয় মতপার্থক্যের কারণে উগ্র ধর্মান্ধ চক্রের তৎপরতায় ময়মনসিংহে ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আহমদিয়া মুসলিম জামাত। গতকাল ঢাকার বকশীবাজারে আহমদিয়া মুসলিম জামাতের জাতীয় কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি করে।
৮ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে ইমাম মোস্তাফিজুর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে জামাতের প্রধান আমির মোবাশ্বের-উর-রহমান বলেন, বিভিন্ন সময় তাঁদের সম্প্রদায়ের সদস্যরা হামলার শিকার হয়েছেন কিন্তু কোনো ঘটনারই বিচার শেষ হয়নি। তিনি অভিযোগ করেন, অন্য ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনে সরকার সজাগ থাকলেও তাঁদের সহযোগিতা করতে সরকারের পা কাঁপে। লিখিত বক্তব্যে জামাতের নেতা আবদুল আউয়াল বলেন, ভিন্নমত পোষণকারীদের ওপর হত্যা-হামলা ইসলাম সমর্থন করে না। কিন্তু ধর্মীয় মতপার্থক্যের কারণেই ময়মনসিংহে তাঁদের মসজিদের ইমামের ওপর আক্রমণ চালানো হয়েছে।
নিন্দা: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের এক বিবৃতিতে ইমাম মোস্তাফিজের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, সাংবাদিক কামাল লোহানী, নারীনেত্রী খুশী কবির, আইনজীবী রানা দাশগুপ্ত, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইনজীবী সারা হোসেন, অধ্যাপক কাজী মদিনা, অধ্যাপক এ এন রাশেদা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।