দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বসতবাড়ি, উপাসনালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১।স্বাধীনতাবিরোধীদের সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম গতকাল শনিবার এ দাবি জানায়। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তারা সমাজের সব শ্রেণীর মানুষকে বিপন্ন সংখ্যালঘু পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ও সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, ‘মুক্তিযুদ্ধকালে জামায়াত স্বাধীনতার পূর্ণ বিরোধিতা করেছিল। তাদের কোনো পরিবর্তন হয়নি, ৪২ বছর ধরে এ বিরোধিতা চলছে। এ সময়ের মধ্যে তারা শক্তি অর্জন করেছে। যারা এ দেশে বিশ্বাস করে না, এ দেশে থাকার কোনো অধিকার তাদের নেই। দুঃখজনক হলেও সত্য, অনেক দেশ থেকে তাদের টাকা আসছে। ব্যাংকে তাদের টাকার হিসাবে গন্ডগোল আছে। তাদের টাকা কীভাবে আসছে, কীভাবে খরচ হচ্ছে, তা দেখতে হবে এবং সেগুলো বন্ধ করতে হবে।’সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, শাহবাগের গণজাগরণের পেছনে সেক্টর কমান্ডারস ফোরামের অবদান আছে। অন্যায় করে যে কেউ পার পেতে পারে না, নতুন প্রজন্ম তা বুঝতে পেরেছে। এ জন্য তারা বিচারের দাবিতে মাঠে নেমেছে। দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর জামায়াত দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, জামায়াতের রাজনীতি বন্ধ করা প্রয়োজন।’ আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালে সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী বলেন, ‘একাত্তরে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন আবার তাঁর কথামতো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সময় এসেছে।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার সি আর দত্ত। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের প্রচার সম্পাদক কেয়া চৌধুরী।