ধর্মীয় সংখ্যালঘুদের জন্য প্রস্তাবিত বাজেট বরাদ্দ পুনর্বিবেচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১ দশমিক ৯৩ শতাংশ বরাদ্দের প্রতিবাদ ও তা পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে চলমান প্রকল্পসহ মোট বরাদ্দ ১৫ হাজার ৫৪ দশমিক ৩ কোটি টাকা। কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৯০ দশমিক ৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ১ দশমিক ৯৩ শতাংশ।
জনসংখ্যার অনুপাতে বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা।

তাঁরা বলেন, প্রস্তাবিত বাজেটে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এই বৈষম্যমূলক বাজেট মানা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।

নেতারা বলেন, স্বাধীনতাপরবর্তী বৈষম্য ও বঞ্চনার শিকার ধর্মীয় সংখ্যালঘুদের উন্নয়নে কোনোরূপ পদক্ষেপ নেই এই বাজেটে। মুক্তিযুদ্ধের চেতনা ও সমঅধিকার বাস্তবায়নের যে কথা সরকার বলে, তা এই বাজেটে অনুপস্থিত। সমঅধিকার তো দূরের কথা, হিন্দুদের কোনো অধিকারই নেই, এই বাজেট দেখে সেটাই মনে হচ্ছে। প্রস্তাবিত এই বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য যে বরাদ্দ, তা হতাশাজনক। বাজেটে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন মহাজোটের নেতারা।

মানববন্ধনে আরও বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুরা যে বারবার রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, তা এই বাজেট দেখলেই বোঝা যায়। এই বৈষম্য দূর করতে প্রতি জেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবিও জানান তাঁরা।

হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাস মণ্ডল, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক সমীর সরকার, অখিল মণ্ডল, ফণিভূষণ হালদার, মনোজ বিশ্বাস, হারাধন বিশ্বাস, কেনেডি ঘোষ প্রমুখ।