ধর্মের ভুল ব্যাখ্যা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। অন্ধ বিশ্বাস ও ধর্মীয় গোঁড়ামির কারণে অনেকে সহিংসতায় লিপ্ত হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তধর্মীয় সংলাপ বাড়াতে হবে।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘আন্তধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সম্মেলন’-এ বক্তারা এসব কথা বলেন। বিশপীয় আন্তধর্মীয় সংলাপ কমিশন এই সম্মেলনের আয়োজন করে। ভ্যাটিকান সিটির ‘পোপীয় আন্তধর্মীয় সংলাপ দপ্তর’-এর প্রেসিডেন্ট কার্ডিন্যাল জ্যঁ লুই ত্যেঁরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির এ সময় উপস্থিত ছিলেন। কার্ডিন্যাল জ্যঁ লুই বলেন, বহুত্ববাদী সমাজ গঠনের ক্ষেত্রে আন্তধর্মীয় সংলাপ খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের সংলাপ খুব প্রয়োজন। ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া জাতীয় উন্নয়নে সব ধর্মের জনগণের প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, দেশে এখনো কিছু মৌলবাদী ও ধর্মান্ধ রয়েছে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।পর্যাপ্ত আন্তধর্মীয় সংলাপের অভাবই ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছে বলে মনে করেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকার উত্তরসূরী আর্চবিশপ রেভারেন্ড প্যাট্রিক ডি রোজারিও, ঢাকার আর্চবিশপ রেভারেন্ড পলিনাস কস্তা প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান রেভারেন্ড বিজয় এন ডি ক্রুজ।