ধর্ষণ মামলায় জামিন পেলেন মিলন, পিন্টুর জামিন স্থগিত
ধর্ষণের অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এ ছাড়া বিডিআর হত্যাযজ্ঞের মামলায় বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। অন্যদিকে রাজশাহীতে ফারুক হত্যা মামলায় জামায়াতের তিনজন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। মিলনের জামিন: চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া গ্রামের রাখী রানী শীল ওরফে লক্ষ্মী রানী শীল ২০০১ সালের ৩ অক্টোবর কচুয়া শহরের বাসস্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে কচুয়া থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম হত্যা মামলা করেন। একই ঘটনায় ২০০৭ সালের ৩০ মে রাখী রানী শীলের সৎছেলে দীলিপ কুমার দে বাদী হয়ে কচুয়া থানায় মিলনসহ মোট ৩২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়, তাঁরা সংঘবদ্ধভাবে রাখী রানী শীলকে উপর্যুপরি ধর্ষণের পর নির্যাতন চালিয়ে হত্যা করেন। এ মামলায় গতকাল মিলন জামিন পেলেন। পিন্টুর জামিন স্থগিত: বিডিআর হত্যাযজ্ঞের মামলায় বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়। গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন। জামায়াতের তিন নেতার জামিন আবেদন খারিজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতে ইসলামীর তিনজন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ছাত্রশিবিরের হামলায় ফারুক হত্যার ঘটনায় গত বছরের ৯ ফেব্রুয়ারি রাজশাহীর মতিহার থানায় ৩৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।