ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূর গায়ে আগুন, বাড়িওয়ালা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূর (৪৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।গত বুধবার গভীর রাতে রাজধানীর কদমতলী থানার মুরাদপুরে এ ঘটনা ঘটে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, বাড়ির মালিক ফজর আলীকে আটক করা হয়েছে। আগুনে দগ্ধ গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।কদমতলী থানা সূত্র জানায়, ওই গৃহবধূ দুই সন্তান নিয়ে ৬০৪ মুরাদপুরের একটি বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়ির মালিক ফজর আলী ওই কক্ষের দরজার কড়া নাড়েন। দরজা খুলে দেওয়ার পর ফজর আলী ‘জরুরি কথা আছে’ বলে গৃহবধূকে ডেকে দরজার বাইরে সিঁড়িঘরে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। বাধা দিলে একপর্যায়ে পাশের মোটরসাইকেলের ওপরে রাখা কেরোসিনের বোতল এনে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন ফজর আলী। গৃহবধূর চিৎকারে তাঁর দুই সন্তান ও প্রতিবেশীরা বেরিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।গতকাল হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ প্রথম আলোকেও ঘটনার একই বর্ণনা দেন।বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, সারা শরীরের ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন ওই গৃহবধূ। পাশে দুই সন্তান আশা (১০) ও বিপাশা (৮) কাঁদছে। অস্পষ্ট কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী লিটন ভ্যানচালক। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দেড় মাস ধরে তিনি আলাদা থাকেন। ১ ডিসেম্বর ফজর আলীর বাড়ির নিচতলার একটি কক্ষ দুই হাজার টাকায় ভাড়া নিয়ে তিনি দুই সন্তান নিয়ে ওঠেন।