‘ধর্ষণের প্রতিবাদ প্রশমিত করতে নিপীড়ন চলছে’
ধর্ষণের প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন ছাত্র, সামাজিক ও রাজনৈতিক সংগঠন যে প্রতিবাদ করছে, তা ‘প্রশমিত করার’ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিপীড়ন চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেছেন, যৌক্তিক কোনো আন্দোলনে নিপীড়ন করা উচিত নয়। ভুক্তভোগীর পাশে থেকে ও অপরাধীর বিচার করেই প্রতিবাদকে প্রশমিত করতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আজ বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে লুৎফর রহমান এসব কথা বলেন। ‘নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ এবং এসবের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে শিক্ষক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের এই নেতা বলেন, জনগণের একটি ক্ষুদ্র অংশ নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সংখ্যায় কম হলেও এই ধর্ষকেরা শক্তিশালী কারণ তারা পেশি ও অর্থশক্তিতে শক্তিমান। আর এই শক্তিগুলো আসে রাজনৈতিক শক্তি থেকে। তবে ধর্ষক কোনো পরিবার, প্রতিষ্ঠান বা দলের হতে পারে না। তার পরিচয় সে ধর্ষক ধর্ষণের বিরুদ্ধে দেশে যে আইন রয়েছে, তা পরিবর্তন করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলেই হয়তো ধর্ষণের মাত্রা কমানো যাবে।
মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অহিদুজ্জামান চাঁন বলেন, ধর্ষণের মতো অপরাধে শুধু দণ্ডবিধিতে থাকা শাস্তি বাড়ালেই হবে না। ধর্ষণের বিচারকে সহজ করতে হবে, আইনকে অপরাধীদের বিরুদ্ধে করতে হবে। ধর্ষণ ও নারী নিপীড়নের বিচারে দ্রুত বিচার আদালত করতে হবে।
আদালতে ধর্ষণের শিকার নারীর যে সাক্ষ্য নেওয়া হয়, সেখানে আরেকবার তাঁকে ধর্ষণ করা হয়। প্রলম্বিত করে বিচারকে বাধাগ্রস্ত করা হয়। সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধিতে থাকা ধর্ষণসংক্রান্ত ধারা সংশোধন করতে হবে। এমন আইন করতে হবে, যেখানে অপরাধীকে প্রমাণ করতে হবে যে সে অপরাধ করেনি। ক্ষমতাশালী ও বিত্তবান ব্যক্তিরা ধর্ষণের সঙ্গে জড়িত। ধর্ষকসহ দুর্নীতিবাজদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। প্রথম শ্রেণি থেকেই পাঠ্যক্রম পুনর্মূল্যায়ন করে প্রতিটি জায়গায় লিঙ্গবৈষম্যহীন শিক্ষাক্রম করতে হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে শিক্ষক সমিতির নেতা মুহাম্মাদ আবদুল মঈন, জিয়াউর রহমান, কে এম সাইফুল ইসলাম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম, শিক্ষক শফিউল আলম ভূঁইয়া, জিনাত হুদা, সিন্ডিকেট সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী প্রক্টর আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।