ধাত্রীসেবার অভাবে দৈনিক ২০ জন মা মারা যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেছেন, প্রসূতি অবস্থায় দক্ষ ধাত্রীর সেবা না পেয়ে দেশে দিনে গড়ে ২০ জন মা মারা যান। আর এশিয়া অঞ্চলে ৪৪ শতাংশ নবজাতকের মৃত্যুর কারণ ধাত্রীর (মিডওয়াইফ) অদক্ষতা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘দ্য ওয়ার্ল্ড নিডস মিডওয়াইভস নাউ মোর দেন এভার’ শীর্ষক সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) এই সেমিনারের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য সরকার তিন হাজার দক্ষ ধাত্রী তৈরির উদ্যোগ নিয়েছে। সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের হাতে সনদ তুলে দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চার বছর ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে আরও ছয় মাসের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ পাওয়া নার্সরা মা ও শিশুমৃত্যু কমাতে সহায়তা করবে।স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনসির রেজিস্ট্রার সুরাইয়া বেগম। সেমিনারে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৯ জন ধাত্রীকে সনদ দেওয়া হয়।অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্থার আরকেন, বিএনসির ডেপুটি রেজিস্ট্রার গীতশ্রী ঘোষ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো সিফায়েত উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।