মোগল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন ধানমন্ডির সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠটি বিভিন্নভাবে দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) একটি পরিদর্শক দল। গতকাল মঙ্গলবার মাঠ ও মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তাঁরা এই মন্তব্য করেন। পবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।পরিদর্শক দলের নেতৃত্ব দেওয়া বিশিষ্ট স্থপতি সামসুল ওয়ারেসের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডির ঈদগাহ মাঠটি ৪০০ বছরের পুরোনো মোগলদের স্থাপত্যশৈলী। কিন্তু এর পশ্চিম দিকটা পাঠাগারের নামে দালান তৈরি করে দখল করা হয়েছে। মাঠের দেয়াল ঘেঁষে চলছে ওয়াসা ও গণপূর্ত বিভাগের খোঁড়াখুঁড়ির কাজ। যত্রতত্রভাবে রাখা হয়েছে বিভিন্ন নির্মাণসামগ্রী। দেয়াল ঘেঁষে তৈরি করা হয়েছে কর্মচারীদের থাকার ঘর। তা ছাড়া মাঠের সব দিকই অপরিচ্ছন্ন নোংরা আবর্জনায় ভরা। সব মিলিয়ে বোঝার উপায় নেই, এখানে আমাদের গর্বের এক বড় নিদর্শন রয়ে গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পর্যটকদের জন্য এটি একটি অন্যতম দর্শনীয় স্থান হতে পারে। আর তা অল্প খরচেই করা সম্ভব। এ জন্য গণপূর্ত বিভাগ, প্রত্নতত্ত্ববিদ ও পরিবেশবাদীদের সমন্বয়ে কমিটি করা অত্যন্ত প্রয়োজন।