ধানমন্ডি এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি ও রাসেল স্কয়ারে গতকাল শনিবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। রাত ১০টায় এ অভিযান শুরু হয়। গত শুক্রবার রাতে এ অভিযান চালানোর কথা থাকলেও স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে পুলিশের ব্যস্ততার কারণে তা বাতিল করা হয়।ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, রাত ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে। ধানমন্ডি এলাকায় এ অভিযান চলবে।এ ছাড়া ডিসিসি ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এবং ১৫ এপ্রিল আগারগাঁও এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চলবে। হাইকোর্টের একটি বেঞ্চ গত সোমবার অবৈধ বিলবোর্ডগুলো অবিলম্বে অপসারণ করতে ডিসিসিকে নির্দেশ দেন। পাশাপাশি এ কাজে ডিসিসিকে সর্বাত্মক সহযোগিতা করতে পুলিশের মহাপরিদর্শক ও পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়।আদালতের এ নির্দেশনার পর ২৩ মার্চ জরুরি বৈঠকে রাজধানীর সব অবৈধ বিলবোর্ড উচ্ছেদের সিদ্ধান্ত নেয় ডিসিসি। ডিসিসির হিসাব অনুযায়ী, রাজধানীতে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। কর্মকর্তারা জানান, অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরের যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তা-ঝুঁকিতে আছে সাধারণ মানুষ। সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে।