ধানমন্ডি, গুলশান ও উত্তরায় ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল বুধবার ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে পরিচালিত এ অভিযানে প্রায় ৪০টি ভবনে উচ্ছেদ চালান রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে বেশির ভাগ ভবনের গাড়ি ওঠা-নামার পথ বা র্যাম্প নির্ধারিত সীমা ছাড়িয়ে মূল রাস্তায় চলে আসায় সেগুলো ভেঙে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নিজ নিজ এলাকার অথরাইজড অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
গতকাল ধানমন্ডি এলাকার অভিযান শুরু হয় কলাবাগান বাসস্ট্যান্ড থেকে এগিয়ে মিরপুর রোডের পশ্চিম পাশের ১১ নম্বর সড়ক থেকে। শুরুতেই চিলিস নামের একটি রেস্তোরাঁর বেসমেন্টে গড়ে ওঠা অফিসকক্ষ ও গোডাউন এবং ফুটপাত থেকে দোতলায় উঠে যাওয়া একটি সিঁড়ি ভেঙে ফেলা হয়। সিলগালা করে দেওয়া হয় নিচতলার একটি সেলুন।
পরে ওই ভবনের পাশে অবস্থিত মেট্রো শপিং মলের বেসমেন্টে তৈরি একটি রান্নাঘর উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। ১২ নম্বর সড়কে সেভেন-ইলেভেন নামের একটি রেস্তোরাঁর রান্নাঘরটি ছিল ফুটপাতের ওপরে। এটি ভেঙে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া ১৩ নম্বর সড়কে ভবনের বেসমেন্টে গড়ে ওঠা ফ্যাশন হাউস কে-ক্র্যাফট, নগরদোলা ও অঞ্জন’সের শোরুম গুঁড়িয়ে দেন তাঁরা। এ অঞ্চলে পরিচালিত অভিযানের তত্ত্বাবধানে ছিলেন রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান।
এদিকে একই সময়ে গুলশানে পরিচালিত অভিযানে ৮ নম্বর সড়কের স্পেকট্রা কনভেনশন সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জোন-৪-এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান। তিনি বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গাটিকেও স্পেকট্রা কর্তৃপক্ষ কনভেনশন সেন্টার বানিয়ে ফেলেছিল।
এ ছাড়া এলাকার ৬, ৭ ও ৮ নম্বর সড়কের প্রায় ১৯টি ভবনের র্যাম্প ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান আদিলুজ্জামান।
উত্তরায় পরিচালিত অভিযান সম্পর্কে জোন-২-এর অথরাইজড অফিসার মো. মিজানুর রহমান বলেন, এদিন মূলত কুশল সেন্টার নামের একটি বিপণিবিতানের বেসমেন্টে গড়ে ওঠা ১৭০টির মতো দোকান উচ্ছেদের কাজ করা হয়েছে। পাশাপাশি ৩ নম্বর সেক্টরের ১৫টির মতো ভবনের র্যাম্প ভেঙে দেওয়া হয়েছে।