ধানমন্ডি মাঠ রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের আহ্বান
ধানমন্ডি মাঠে যেকোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা অনুষ্ঠান আয়োজন বন্ধে পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনের সই করা বিবৃতিতে বলা হয়, খেলার মাঠের অব্যবস্থাপনা, অবৈধ স্থাপনা এবং যথেচ্ছ ব্যবহারের কারণে বাপা ও আইএবি ২০০৪ সালে ধানমন্ডি মাঠ রক্ষায় হাইকোর্টে যৌথ রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই বছরের ২৪ এপ্রিল ডিসিসি বরাবরে এক রুল জারি করেন। এ ছাড়া ‘মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০’-এর আওতায় ডিসিসি কর্তৃক মাঠটির দায়িত্ব গ্রহণ ও এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণে নির্দেশ দেন। পরে গত ১৫ মার্চ হাইকোর্ট শহরের সব পার্ক ও খেলার মাঠ চিহ্নিত করে এসব স্থানে সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে ডিসিসিকে নির্দেশ দেন। বিজ্ঞপ্তি।