ধানমন্ডি লেকের পাড়ে ছুরিকাঘাতে ৩ তরুণ আহত
রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে তিন তরুণ আহত হয়েছেন। তাঁদের মধ্যে শামস (২২) ও সৌরভ (১৮) নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। বিরোধের জের ধরে এটি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শামস সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যায় ১০-১৫ জন বন্ধু মিলে সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে আড্ডা দিচ্ছিলেন। তখন ১৫-২০ জন যুবক এসে তাঁদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেওয়া চেষ্টা করেন। এতে তিনিসহ তিন বন্ধু বাধা দিলে হামলাকারীরা তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় অন্যরা এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ওপরও আক্রমণ চালান। হামলাকারীদের সঙ্গে তাঁদের কোনো পরিচয় কিংবা আগের কোনো বিরোধ নেই।
শামস অভিযোগ করেন, মুঠোফোন ছিনিয়ে নিতেই তাঁদের ওপর হামলা চালানো হয়। তবে তাঁদের দেখলে চিনতে পারবেন।
হাসপাতালে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে এসেছি। আহত শামসের বাঁ হাতে, পিঠের নিচে আর সৌরভের পিঠের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সৌরভের অবস্থা গুরুতর।’
শামস সপরিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স কোয়ার্টারে থাকেন। তিনি ঢাকা কমার্স কলেজের (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। আর সৌরভ পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে থাকেন। তিনি মোহাম্মদপুরের একটি স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন। আহত প্রান্তকে ধানমন্ডির বেসরকারি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া আজ রাতে প্রথম আলোকে বলেন, ফেসবুকে পরিচিত একজন নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জের ধরে ধানমন্ডি ও হাজারীবাগের তরুণদের সঙ্গে মোহাম্মদপুরের তরুণদের বিরোধ বাধে। এটা মীমাংসাও হয়ে যায়। আজ সন্ধ্যায় উভয় পক্ষ লেকে গেলে তাদের আবার বাদানুবাদের সৃষ্টি হয়। এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। তবে এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়।