ধানমন্ডিতে উচ্ছেদ

রাজধানীর ধানমন্ডিতে ভবনের বেসমেন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল সোমবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের ব্যাপারে মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রথম দিনে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের আগ পর্যন্ত অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অংশেও অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, অভিযানে কার পার্কিং না রেখে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ওয়ান ব্যাংককে ১ লাখ টাকা ও ইস্টার্ন ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে একটি ভবনের বেসমেন্টে মান্যবর নামের একটি প্রতিষ্ঠান এবং আরেকটি ভবনের বেসমেন্টে অবস্থিত মুভেন পিক আইসক্রিমের দোকান ভেঙে দেওয়া হয়।
এদিকে ধানমন্ডিসহ উত্তরা ও গুলশান এলাকায় রাজউকের চলমান এই অভিযানের বিষয়ে গতকাল ফেডারেশন অব হোটেল গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ফ ম আলাউদ্দিন মাহমুদ বলেন, ‘কথিত উচ্ছেদ অভিযানের নামে আমাদের মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।’
একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ অবদান বিবেচনা করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।