ধানমন্ডিতে গৃহকর্মী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে সোনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে পুলিশ কিশোরী ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করিয়েছে।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, ওই কিশোরী ধানমন্ডি ৮/এ সড়কের ৬৩ নম্বর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গতকাল বিকেলে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধানমন্ডি থানার ওসি ফোন করে বলেন তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ভবনের একটি ফ্ল্যাটে এক কিশোরী কান্নাকাটি ও চিৎকার করছে। পরে ধানমন্ডি থানার পুলিশ ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতির সহায়তায় ফ্ল্যাটের দরজা খুলে নির্যাতনের শিকার সোনিয়াকে উদ্ধার করে ওসিসিতে পাঠায়। এ সময় গৃহকর্তা ও গৃহকর্ত্রী বাসায় ছিলেন না। ধানমন্ডি থানার ওসি নূরে আযম মিয়া গতকাল সন্ধ্যায় বলেন, মেয়েটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদে কিশোরী বলেছে, তার গৃহকর্তা-গৃহকর্ত্রী অনেক দিন ধরে বিভিন্ন অজুহাতে তার ওপর নির্যাতন চালিয়ে আসছেন।