ধানমন্ডিতে নিজের কার্যালয়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান খুন
রাজধানীর ধানমন্ডিতে নিজের কার্যালয় থেকে গতকাল রোববার একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিষ্ঠানটির পিয়ন তাঁকে খুন করে পালিয়েছেন বলে পুলিশের ধারণা।নিহত সুমন কুমার দত্ত (৩১) ‘এ টেক করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গতকাল দুপুরে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, চার কক্ষের কার্যালয়ের নিজের বসার কক্ষের মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে সুমনের ফুলে ওঠা লাশ। কক্ষে পড়ে রয়েছে এলোমেলো কাগজপত্র। অন্য তিনটি কক্ষ গোছানো অবস্থাতেই ছিল।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গতকাল দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের তালা ভেঙে সুমন কুমারের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সুমনকে হত্যা করে প্রতিষ্ঠানটির পিয়ন আবদুল করিম তালা মেরে চলে যান।পুলিশ জানায়, ভারী কোনো কিছু দিয়ে সুমনের মাথায় আঘাত করা হয়েছে। এরপর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। তাঁর মুখমণ্ডলের কিছু অংশ ছিল ঝলসানো। মুখে এসিড নিক্ষেপ করা হয়েছে কি না, পুলিশ নিশ্চিত নয়।পুলিশ জানায়, সুমন ছাড়াও ওই প্রতিষ্ঠানে আরও চারজন কর্মী রয়েছেন। তাঁরা হলেন: পলাশ মিয়া, আবু আরিফ, আফসানা জামান শিমুল ও পিয়ন কাম টেকনিশিয়ান আবদুল করিম।সুমনের বাবা শিশির দত্ত জানান, তাঁর চার ছেলেমেয়ের মধ্যে সুমন দ্বিতীয়। তিনি তিন বছর ধরে এখানে ব্যবসা করছেন। সেন্ট্রাল রোডের বাসায় তিনি একাই থাকতেন। তাঁরা (মা-বাবা) থাকেন কাকরাইলে। সুমনের অন্য ভাইবোনেরা ভারতপ্রবাসী।শিশির দত্ত জানান, গত বুধবার রাত ১০টার দিকে তিনি সুমনকে ফোন করে তাঁর মুঠোফোন বন্ধ পান। এর মধ্যে তাঁর আর কোনো খোঁজ ছিল না। শুক্রবার সকালে তিনি কার্যালয়ে এলে দেখেন, সেটি তালাবদ্ধ। নিরাপত্তাকর্মী শামসু তাঁকে জানান, বুধবার রাত আটটার দিকে পিয়ন আবদুল করিম ও আরেকজন অচেনা লোক কিছু মালামাল নিয়ে নিচে নামেন। এ সময় করিম তাঁকে বলেন, একটা কাজে সুমনসহ তাঁরা চট্টগ্রাম যাচ্ছেন। এই বলে করিম বের হয়ে যান। এরপর গতকাল দুপুর ১২টার দিকে শামসু তাঁকে ফোন করে জানান, ওই অফিস থেকে গন্ধ বের হচ্ছে।আফসানা জামান শিমুল জানান, গত বুধবার সন্ধ্যা ছয়টায় তাঁরা কাজ শেষ করে বাসায় যান। সাধারণত সবচেয়ে পরে বের হন সুমন দত্ত ও আবদুল করিম। ওই দুজনের কাছেই চাবি থাকে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে করিম তাঁকে ফোন করে জিজ্ঞেস করেন, তাঁর (করিমের) কোনো ছবি সংরক্ষিত আছে কি না। ছবি কেন লাগবে, জানতে চাইলে করিম বলেন, ‘একটা সিম কিনব সে জন্য।’ এরপর রাত আটটার পর থেকে করিমের নম্বর বন্ধ পাওয়া যায়। করিম আড়াই বছর ধরে প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাঁদের কাছে করিমের কোনো ছবি সংরক্ষিত ছিল না।ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা আলামত সংগ্রহে এসেছিলেন। তাঁরা জানান, গত বুধবার সুমন খুন হয়েছেন বলে মনে হয়। পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে অফিস বন্ধ থাকায় কেউ টের পায়নি। কার্যালয়ের কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, খুনের পর সেগুলো নিয়ে পালিয়েছেন করিম।