ধানমন্ডি এলাকার আবাসিক বৈশিষ্ট্য রক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার এই রুল জারি করেন।রাজধানীর গুটিকয়েক পরিকল্পিত আবাসিক এলাকার একটি ধানমন্ডি এলাকায় বিশেষ করে গত এক দশকে ব্যাপকহারে বাণিজ্যিক ভিত্তিতে আবাসন গড়ে তোলা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কারণে এলাকাটির আদি চেহারা বেমালুম বদলে গেছে। এ নিয়ে পরিবেশবাদীরা ও এলাকাবাসী আন্দোলন করে আসছিল।আদালত ধানমন্ডি এলাকায় নতুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞাও জারি করেছেন। ওই এলাকায় থাকা বেআইনি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। তিন সপ্তাহের মধ্যে পূর্তসচিব, রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট নয়জনকে এর জবাব দিতে বলা হয়েছে।ধানমন্ডির বাসিন্দা এ এস এম মাসুদ ও এম এ মতিন হাইকোর্টে রিট আবেদনটি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন।ধানমন্ডি এলাকার পরিবেশগত দিক রক্ষার জন্য কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।বাপার সভাপতি মোজাফ্ফর আহমদ গতরাতে প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, সেটা নিঃসন্দেহে ভালো। কিন্তু এর সঙ্গে আরও কিছু বিষয় থাকলে ভালো হতো। যেমন ধানমন্ডি এলাকায় প্লট বরাদ্দের ক্ষেত্রে যে চুক্তি হয়েছিল, তা আবাসন ব্যবসায়ীরা মানছেন না। আবার ধানমন্ডির তিনটি সড়ক এলাকা বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকারের প্রতিষ্ঠান রাজউক। এতেও চুক্তি ভঙ্গ হয়েছে।’মোজাফ্ফর আহমদ আরও বলেন, সরকার সড়কগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে আদালতের নির্দেশনায় তেমন কোনো লাভ হবে না।ধানমন্ডিতে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকাটি লোকজনের ভিড়ে ও যানজটে অসহনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন মোজাফ্ফর আহমদ।