খেলা হয় না, হাঁটা যায় না দুই বছরের মধ্যে শিশুপার্ক হবে
ধূপখোলা মাঠে গাড়ি ও রিকশার গ্যারেজ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ উদ্ধারের পরিবর্তে নতুন দখলদারদের হাতে সেটি চলে গেছে। মাঠের ভেতরে গাড়ি ও রিকশার গ্যারেজ হয়েছে। প্রবেশপথে বসে গেছে দোকানপাট। মাঠটি খেলাধুলার আরও অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে এলাকা ঘুরে এই চিত্র পাওয়া যায়। গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের (মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার) পোস্তগোলা লুপ নির্মাণের সরঞ্জাম রাখতে এই মাঠ ব্যবহার করা হয়েছিল। ২০১৪ সালের অক্টোবরে নির্মাণকাজ শেষ হয়। এর প্রায় এক বছর পর গত বছরের সেপ্টেম্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়েছিল, মাঠটি অবিলম্বে দখলমুক্ত করা হবে। কিন্তু গতকাল গিয়ে দেখা যায়, মাঠজুড়ে নতুন নতুন স্থাপনা ও গ্যারেজ তৈরি হয়ে গেছে।
প্রবেশপথের পাশে টিনের দোতলায় স্বেচ্ছাসেবক লীগের সূত্রাপুর থানার কার্যালয় এখনো শোভা পাচ্ছে। সেখানে সাইনবোর্ডও অক্ষত আছে। মাঠের প্রবেশপথের প্রধান ফটকটি ভেঙে ফেলা হয়েছে। সেখানে গড়ে উঠেছে মুদি দোকানসহ ছয়টি বিভিন্ন পণ্যের দোকান। ভেতরে ঢুকতেই হাতের ডানে দেখা যায় রিকশার গ্যারেজ। সেখানে অন্তত ৫০টি রিকশা এবং মাঠের বিভিন্ন স্থানে এলোমেলোভাবে রাখা হয়েছে আরও প্রায় ৪০টির রিকশা ও ছয়টি মাইক্রোবাস। জানা গেল, রাতে এখানে শতাধিক রিকশা রাখা হয়। এ ছাড়া মাঠে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে পরিত্যক্ত গাড়ি। মাঠের ঘেরাও দেয়ালের ধারে ধারে পড়ে আছে বড় বড় কংক্রিট ব্লক। মাঠের মাঝখানে ঢালাই করা হয়েছিল, সেটি এখনো সে অবস্থাতেই আছে। পড়ে আছে ইটের স্তূপ।
তিনজন রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, রিকশা রাখার জন্য তাঁদের ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত সাপ্তাহিক ভাড়া দিতে হয়। প্রবেশপথের পাশের দোকান, এমনকি চটপটিওয়ালাকেও দিনে ৬০ টাকা ভাড়া দিতে হয়।
কারা ভাড়া নেয়—এ প্রশ্নের জবাব দিতে আপত্তি জানিয়েছেন রিকশাচালক ও দোকানিরা। তবে খোঁজ নিয়ে জানা যায়, ক্ষমতাসীন দলের স্থানীয় দুজন নেতা এখান থেকে ভাড়া নিয়ে থাকেন।
আগে এখানে এলাকার শিশু-কিশোরেরা খেলাধুলা করত। ক্রিকেট ম্যাচ হতো প্রায়ই। কিন্তু গতকাল কাউকে খেলতে দেখা যায়নি। মাঠে খেলার মতো অবস্থাও নেই। এলাকার প্রবীণ বাসিন্দা আকবর হোসেন বলেন, এখানে খেলতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হয়। সকাল-সন্ধ্যায় হাঁটতে আসেন অনেকেই। কিন্তু চলাচল করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
দর্শকদের জন্য মাঠটির তিন পাশে গ্যালারি তৈরি করা ছিল। উড়ালসড়ক নির্মাণের সময় শ্রমিকদের থাকার জন্য এসব গ্যালারি ভেঙে ৩০টি ঘর করা হয়েছিল। পরে সেগুলো বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়।
খেলার মাঠের দুরবস্থা এবং নতুন দখল সম্পর্কে গতকাল বিকেলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের কাজে জানতে চাওয়া হয়। তিনি বলেন, লোক পাঠিয়ে তিনি খবর নেবেন। দখল সরিয়ে নেওয়ার ব্যবস্থাও হচ্ছে।
শিশুপার্ক হবে: ধূপখোলা মাঠে একটি শিশুপার্ক নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার এই পার্কের বিষয়টি একনেকে পাস হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
শিশুদের জন্য বিভিন্ন রাইড ছাড়াও একটি পার্কে যা যা থাকার কথা, এখানে তাই থাকবে। থাকবে হাঁটার পথও (ওয়াকওয়ে)। প্রধান নির্বাহী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় কার্যত কোনো শিশুপার্ক নেই। ধূপখোলা মাঠটিকে এ জন্য বেছে নেওয়া হয়েছে। শিগগিরই এ-বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহ্বান করা হবে। কাজ শুরুর দুই বছরের মধ্যে এই শিশুপার্কের নির্মাণ শেষ হবে।