ধূমপানের পথ ধরে সন্তান মাদকাসক্ত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় বক্তব্য দেন মোহিত কামাল। পাশে (বাঁ থেকে) ফারজানা রহমান, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, মেখলা সরকার ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় বক্তব্য দেন মোহিত কামাল। পাশে (বাঁ থেকে) ফারজানা রহমান, ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল, মেখলা সরকার ও আহমেদ হেলাল l ছবি: প্রথম আলো

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের পরামর্শ সহায়তা অনুষ্ঠানে পরামর্শদাতারা বলেছেন, মাদকাসক্ত ব্যক্তিদের অধিকাংশই ধূমপানের পথ ধরে নেশায় জড়িয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা-৬৬ অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেন।
পরামর্শদাতা ও মাদক বিশেষজ্ঞরা বলেন, একজন ধূমপায়ীর সাধারণত একাধিক ধূমপায়ী বন্ধু থাকে। তাদের মধ্যে দু-একজন মাদকাসক্ত থাকতে পারে। এই দু-একজনের প্রভাবে অন্য ধূমপায়ী বন্ধু মাদকাসক্ত হয়ে পড়ে। এভাবে অধিকাংশ ক্ষেত্রে ধূমপান থেকে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা দেখা যায়।
অনুষ্ঠানে মাদকাসক্ত ব্যক্তি ও তাদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনে পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক আহমেদ হেলাল, ফারজানা রহমান, মেখলা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান ‘আপন’-এর নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল।
বিশেষজ্ঞরা অভিভাবকদের বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে, কখন ফিরছে, প্রতিটি বিষয়ে বাবা-মাকে খোঁজ নিতে হবে। সন্তানেরা যাদের সঙ্গে মিশছে, তাদের সম্পর্কেও খোঁজ নিতে হবে। সন্তানদের সঙ্গে এমন সম্পর্ক গড়তে হবে, যাতে সন্তানেরা বাবা-মাকে সবকিছু খুলে বলতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ।