ধূলি-ধূসর পুরান ঢাকা
চৈত্রের এই দাবদাহে পুরো নগর যেন ধুলার রাজ্য। আর এই ভয়াবহতা পুরান ঢাকায় একটু বেশি। সকাল-দুপুর-সন্ধ্যা-গভীর রাত—কোনো সময়ই নিস্তার নেই।বেশ কয়েকটি সড়কের নির্মাণকাজ, কিছু সড়কের সংস্কার না হওয়া, সড়কে অত্যধিক যানবাহনের চাপ এবং সিটি করপোরেশনের উদ্যোগের অভাব ধুলা বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, অত্যধিক ধুলায় শ্বাসযন্ত্রের সমস্যাসহ নগরে নানা রোগ বাড়ছে। বিশেষ করে বয়স্ক লোক ও শিশুরাই দুর্ভোগের শিকার হচ্ছে বেশি।যোগাযোগ করা হলে ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এনামুল হক গতকাল প্রথম আলোকে বললেন, যেসব জায়গায় বেশি ধুলা, সেখানে পানি ছিটানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তা খুব একটা কাজে দিচ্ছে না। কিছুক্ষণ বাদে আবার ধুলার সৃষ্টি হচ্ছে। যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হলে পুরান ঢাকায় ধুলা কমে আসবে বলে তাঁর অভিমত।পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, দোলাইর পাড় থেকে দয়াগঞ্জ মোড় হয়ে রাজধানী মার্কেট, তাঁতীবাজার থেকে গুলিস্তান, ধোলাইখাল, বাবুবাজার বেড়িবাঁধ, জুরাইন ও পোস্তগোলা এলাকা এবং আশপাশের সড়কগুলোতে ধুলা সবচেয়ে বেশি। একই চিত্র সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায়।রোববার দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে রাজধানী মার্কেটের দিকে যেতে দেখা গেল, পুঞ্জীভূত ধুলায় আচ্ছন্ন পরিবেশ। বাসের জানালা বন্ধ করে ধুলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে যাত্রীরা। অনেকেই নাক-মুখে হাত চেপে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। দু-একজনের মুখে কেবল ‘মাস্ক’। পথে ফেরি করে হকারদের ‘মাস্ক’ বিক্রি করতে দেখা গেল। একজন হকারকে বলতে শোনা গেল, ‘সামনে ধুলা আরও বেশি। তাই সংগ্রহ করুন একটি মাস্ক। দাম মাত্র পাঁচ টাকা।’যাত্রাবাড়ী এলাকার একজন বাসিন্দা বলছিলেন, এই গরমেও তিনি ঘরের জানালা খুলতে পারেন না। এর পরও তাঁর সারা ঘর ধুলায় ছেয়ে যায়। শার্ট ধোয়ার পরই ময়লা হয়ে যায়। খাবার খেতে গেলে বালু বালু লাগে।জুরাইনে মূল সড়কের পাশে রঙের ব্যবসায়ী হাজি আবদুল বাতেন। ধুলায় তাঁর দোকানের এমন চেহারা দাঁড়িয়েছে যে রঙের কৌটাগুলো চেনাই যায় না। একেকটির গায়ে যেন আধা ইঞ্চি পুরু ধুলার আস্তরণ। ‘কী করুম, কী করার আছে’ তাঁর উত্তর।ঢাকাকে ধুলার নগর হিসেবে উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ভোর ছয়টার আগেই নগরের রাস্তা ঝাড়ু দিতে হবে। কিন্তু তাঁরা রাস্তায় নামেন আটটার পরে। ময়লার ট্রাককেও ছয়টার আগেই সব ময়লা সাফ করতে হবে। কিন্তু ১১টার দিকেও তাদের ময়লা নিতে দেখা যায়। এ ছাড়া নির্মাণাধীন ভবন পলিথিনে ঢেকে দেওয়ার বিধান থাকলেও তা কেউ মানছে না। এসব কারণেই বাড়ছে ধুলা আর দুর্গন্ধ।’স্বাস্থ্যহানির ঝুঁকি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ ধুলায় স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘পুরান ঢাকাসহ নগরের ধুলাপ্রধান এলাকাগুলোতে অ্যাজমা, ব্রংকাইটিস, টিবি রোগের প্রকোপ বাড়ছে। মানুষের রুচি নষ্ট, গ্যাস, বদহজমসহ নানা ধরনের স্বাস্থ্যহানি হচ্ছে।’এ অবস্থায় নগরবাসীর করণীয় সম্পর্কে এ বি এম আবদুল্লাহ বলেন, যতটা সম্ভব ধুলা এড়াতে হবে। একজন সুস্থ মানুষকে ঘর থেকে বাইরে বেরোনোর সময় ‘মাস্ক’ ব্যবহার করতে হবে। ঘরে-শ্রেণীকক্ষে-মাঠে যেন ধুলা না জমে, সমন্বিতভাবে সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকদের দিকে বাড়তি যত্ন নিতে হবে। তিনি সুতি কাপড় দিয়ে মহল্লার দর্জির দোকান থেকে ‘মাস্ক’ বানিয়ে তা ব্যবহারের পরামর্শ দেন।