ধোলাইখালে দুই ভাইকে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন ছিনতাই
পুরান ঢাকার সূত্রাপুর থানার ধোলাইখালে গতকাল সোমবার ভোরে দুই সহোদরকে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যক্তিরা হলেন ফারুক তালুকদার (৩০) ও তাঁর ছোট ভাই আসাদুল তালুকদার (২২)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ফারুক ও আসাদুল কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। গতকাল তাঁরা গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে যাওয়ার জন্য কলাবাগান থেকে রিকশাযোগে ধোলাইপাড়ের উদ্দেশে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ধোলাইখালে পৌঁছলে অস্ত্রধারী দুই যুবক তাঁদের রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তারা আসাদুলের বুকের বাঁ পাশে এবং ফারুকের ডান হাতে ছুরিকাঘাত করে তাঁদের কাছ থেকে ১৪ হাজার টাকা ও দুটি মুঠোফোনের সেট ছিনিয়ে নিয়ে যায়। আহত আসাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক প্রাথমিক চিকিৎ সা নিয়েছেন।জানা গেছে, কলাবাগানে আসাদুলের লন্ড্রির দোকান রয়েছে, ফারুক সিটি গ্রুপের কর্মচারী।সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ বিকেলে প্রথম আলোকে জানান, ছিনতাইয়ের ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। থানা থেকে পুলিশ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। ওই ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়নি।