নওয়াব আলী চৌধুরী পুরস্কার পেলেন আট ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নবাব নওয়াব আলী চৌধুরী জাতীয় পুরস্কার ২০১২’ দেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নওয়াব আলী চৌধুরীর ৮৩তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। নওয়াব আলী-হাসান আলী স্মৃতি সংসদ অনুষ্ঠানের আয়োজন করে।পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত লুৎফুল হাই সাচ্চু, সাংবাদিকতায় ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি মাহবুব জামান, ব্যাংকিং ও ফিন্যান্সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, নারীর ক্ষমতায়নে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং খেলাধুলায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ছাড়া পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন দারিদ্র্য দূরীকরণে এবং নটর ডেম কলেজ শিক্ষায় অবদানের জন্য পুরস্কার পেয়েছে।সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক আকবরউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক কর্মকর্তা মুহাম্মদ আবদুস সালাম, নিউজ টুডে পত্রিকার মাহবুব হোসেন খান প্রমুখ। এর আগে বেলা তিনটায় নবাব নওয়াব আলী চৌধুরী উৎসব উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হওয়া শোভাযাত্রা সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়।