নকল অ্যান্টিভাইরাসসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডের একটি অ্যান্টিভাইরাস নকল করে বাজারজাত করার অভিযোগে অনিল দাস ও আবদুল হালিম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি দল। পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নামের ওই তদন্ত সংস্থা গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০০ অ্যান্টিভাইরাস সিকিউরিটি ও ১৫০টি বিভিন্ন গেমসের কপিরাইটসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে।
পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি চক্র নিজস্ব প্রতিনিধির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এটি বাজারজাত করছিল—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার সিস্টেম হ্যাকিং করে অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সন ডাউনলোড করেন তাঁরা। এরপর বিভিন্ন প্রোগ্রাম ডাউনলোড করে কপিরাইটের মাধ্যমে সেগুলো ডিভিডিতে কপি করে দেশের বিভিন্ন শহরে বিক্রি করেন। এসব অ্যান্টিভাইরাস ট্রায়াল ভার্সন ব্যবহারকারীদের কম্পিউটার ও কম্পিউটারে থাকা বিভিন্ন ডকুমেন্ট ক্ষতি করে থাকে।