নকল চকলেট তৈরির দায়ে তিন মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগে নকল চকলেট তৈরি ও বাজারজাত করার দায়ে আশরাফুল করিম ওরফে মিজান নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ক্যাটবেরি, কিটক্যাট ও টিপটপ চকলেটের মতো হুবহু নকল করা মোড়কে তিনি ভেজাল চকলেট ও ক্যান্ডি বিক্রি করছিলেন বলে আদালত সূত্র জানিয়েছে।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত হাজারীবাগ থানার ৪৮/এ ভাগলপুর লেনের বাড়িতে অভিযান চালান। ওই বাড়ির মালিকের ছেলে মিজান হিরো চকলেট অ্যান্ড ক্যান্ডি কোম্পানি নামের একটি চকলেট কারখানা চালু করেন। বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই তিনি চকলেট বাজারে ছাড়েন। আদালত কারখানায় অভিযান চালিয়ে সেখানে কোনো রসায়নবিদ বা পরীক্ষাগার খুঁজে পাননি। এসব অপরাধে আদালত বিএসটিআই আইনের ২৪ ধারায় ওই ব্যবসায়ীকে সরাসরি তিন মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁর কারখানা সিলগালা করে দেন।অভিযানের সময় কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার মালিক মিজান বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার আগেই অসংখ্য মোড়ক বানিয়ে মজুদ করে রেখেছেন। ওই কারখানায় আম, লিচু ও কলার সুগন্ধি পাওয়া গেছে। এসব সুগন্ধি ব্যবহারের নিয়মকানুন তাঁর জানা নেই।মিজান আদালতকে বলেন, সাড়ে তিন মাস আগে তিনি কারখানা চালু করেন। বিএসটিআই থেকে প্রয়োজনীয় লাইসেন্স নেওয়ার জন্য কয়েক দফা যোগাযোগও করেছিলেন, কিন্তু এখনো তিনি লাইসেন্স পাননি। ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ ও কর্মকর্তা পূজন কর্মকার। এ ছাড়া র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশ আদালতকে সহযোগিতা করে।